উখিয়ায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:২৬ এএম

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারকে ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো

সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ। গতকাল রবিবার উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আশিয়ানভুক্ত দেশগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। জামতলী ক্যাম্পে সাংবাদিকদের আরেক প্রশ্নে তিনি বলেন, আমাদের কাছে পরিষ্কার চিত্র হচ্ছে, রোহিঙ্গারা মিয়ানমারে জাতিগত নিধনসহ ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। যে কারণে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশের এই কক্সবাজার অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শুধু তা-ই নয় একই কারণে মিয়ানমারের রাখাইনেও দেড় লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে নিজ দেশেই ক্যাম্প জীবন যাপন করছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারে পৌঁছে উখিয়ার টিএনটির পাশে রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকারের দেওয়া ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। সেখান থেকে উখিয়ার বালুখালী ও থাইংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সেখানে রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকারের অনুদানে গড়ে তোলা ত্রাণকেন্দ্র, স্কুলসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কয়েকজন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুর সঙ্গে কথা বলেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তিন দিনের সফরে ৬ জুলাই ঢাকা আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত