নিখোঁজ দুজনের লাশ নদী থেকে উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১১:০৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরের হুরাসাগর নদী থেকে নিখোঁজ পোলট্রি ব্যবসায়ীর এবং বরিশালের গজারিয়া নদী থেকে নিখোঁজ লঞ্চযাত্রী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামের পোলট্রি ব্যবসায়ী দবির মোল্লা (৬২) গত রবিবার দুপুরে বাজারের উদ্দেশে রওনা দিয়ে নিখোঁজ ছিলেন। দবির মোল্লা জোতপাড়ার মৃত তাহাজ মোল্লার ছেলে। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের কবরস্থানের পাশে হুরাসাগর নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্বজনদের দাবি, দবির মোল্লাকে হত্যা করে লাশ নদীতে ফেলা হয়েছে।
অন্যদিকে সুন্দরবন-১০ লঞ্চ থেকে বরিশালের গজারিয়া নদীতে পড়ে যাওয়া হেনারা বেগমের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চ থেকে হেনারা গজারিয়ায় পড়ে যান। তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মন্টু হাওলাদারের স্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত