একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম কেজিতে রকমভেদে কমেছে ৫-৬ টাকা। গত সোমবার প্রতি কেজি পেঁয়াজ ২৫-২৮ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা নেমেছে ২০-২২ টাকায়। আমদানি ও সরবরাহ বৃদ্ধি, বৈরী আবহাওয়ার কারণেই পেঁয়াজের দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
হিলি স্থলবন্দরের আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম ও চাহিদা বাড়ায় পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছেন তারা। ফলে চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে। এছাড়া দুই দিনের বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি কমে যাওয়ায় আমদানি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এমন অবস্থা চলতে থাকলে পেঁয়াজের দাম আরও কমতে পারে বলেও তারা জানিয়েছেন। এছাড়া কয়েক দিন আগে দেশি পেঁয়াজ প্রতি মণ বিক্রি হয় ১ হাজার ৬০০ টাকায়। এখন মোকামগুলোতে প্রতি মণের দাম নেমেছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। এর প্রভাবেও আমদানি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
