বিএসএফের গুলি

শিবগঞ্জ সীমান্তে নিহত ২, বেনাপোলে আহত ১

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০২:০১ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতিনিধিসহ স্থানীয়রা এ খবর দিলেও বিজিবি জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। এ ছাড়া যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : স্থানীয়রা জানিয়েছে, শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহতরা হলেন দোভাগী গ্রামের আসাদুর রহমানের ছেলে রয়েল রহমান ও মনোহরপুর হঠাৎপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাদ্দাদ হোসেন। দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজিব রাজু ও সাবেক চেয়ারম্যান নাজমুল কবীর মুক্তা জানান, গত বুধবার রাতে রয়েল ও পটোলসহ আরও কয়েকজন গরু আনতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের গুলিতে মারা যায় তারা। সঙ্গীরা তাদের মরদেহ নিয়ে এসে গোপনে দাফন করেছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এখলাসুর রহমান জানান, এ ঘটনা স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। যারা মারা গেছে বলে শোনা যাচ্ছে, তাদের পরিবারের কেউ বিজিবির কাছে স্বীকার করেনি।

 

যশোর ও শার্শা প্রতিনিধি : বেনাপোল থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করিম জানান, গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গরু নিয়ে আসার সময় সীমান্তে পুটখালীর বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা ইসরাফিল হোসেনকে (৩২) লক্ষ্য করে গুলি করে। তিনি শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

আহতের বাবা নূর ইসলাম জানান, বিজিবি সদস্যরা তার গুলিবিদ্ধ ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

যশোর হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান বলেন, ইসরাফিলের বাঁ হাতের কনুইয়ের ওপরে ও পাঁজরের কাছাকাছি গুলিবিদ্ধ হয়েছে। একটি গুলি ফুসফুস ছুঁয়ে চলে যাওয়ায় তার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ইসরাফিল নামে এক যুবক ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়। উদ্ধারের পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত