‘নাগরিকত্ব বদলালে ধোনিকে নিউজিল্যান্ড দলে স্বাগত’

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১০:৩৪ এএম

সেমি-ফাইনালে দলকে স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত আর সফল হতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। শেষ মুহূর্তে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের জাদুকরী এক থ্রোয়ে রান আউট হয়ে ফিরতে হয় তাকে। সাথে সাথে স্বপ্নভঙ্গ আসমুদ্র-হিমাচলের। কিন্তু ধোনির মতো বিশ্বমানের ব্যাটসম্যানের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ওল্ড ট্র্যাফোর্ডে কিউদের বেধে দেওয়া ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৯২ রানে ৬ উইকেট হারানোর পরেও উইকেটে যতক্ষণ ধোনি ছিলেন ম্যাচে শ্বাস ছিল ততক্ষণই। তার ব্যাটে স্বপ্ন দেখছিল ভারতবাসী। ৭২ বলে ৫০ রান করে ধোনি যখন মাঠ ছাড়ছিলেন, শূন্যতা গ্রাস করেছিল ওল্ড ট্র্যাফোর্ডের নীল সমুদ্রের গ্যালারিকে।

এখন গুঞ্জন তার অবসর নিয়ে। এটাই যে তার শেষ বিশ্বকাপ এ নিয়ে সন্দেহ নেই। সংবাদ সম্মেলনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান ধোনির অবসরের বিষয়ে কিছু জানা নেই তার।

জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচে ধোনির লড়াইকে সেভাবে কুর্নিশ জানাতেও শোনা যায়নি কোহলিকে। উল্টো প্রথম সারির ব্যাটিং ব্যর্থতায় প্রথম ৪৫ মিনিটেই ম্যাচ হেরে গিয়েছিল দল, দলনায়ক জানালেন তেমনটাই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে বাধ্য ধোনি-জাদেজার অদম্য লড়াই কী তবে একবারের জন্যও ভরসা দেয়নি অধিনায়ককে? উত্তর অজানা।

তবে কোহলি না করলেও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের গলায় ধোনিস্তুতি। সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়কের মন্তব্য, “এমন অবস্থা থেকে বহুবার ম্যাচ জিতিয়েছে ধোনি। তাই আমার মতে ওর রান আউটটাই মোড় ঘুরিয়ে দিয়েছে ম্যাচের।”

একইসঙ্গে কিউয়ি অধিনায়কের প্রশ্ন- “ধোনি কি তার নাগরিকত্ব বদলাতে পারবেন? সেক্ষেত্রে নিউজিল্যান্ড দলে তাকে স্বাগত।”

“ধোনি একজন বিশ্বমানের ক্রিকেটার। ওর অভিজ্ঞতা যে কোনও দলের কাছে সম্পদ, দীর্ঘ কেরিয়ার এবং গোটা টুর্নামেন্ট জুড়ে ভারতীয় ক্রিকেটে ওর অবদান ভীষণ গুরুত্বপূর্ণ।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত