নতুন সিনেমা ‘খানদানি সাফাখানা’র প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন সোনাক্ষী সিনহা। সে সময় তার বাড়িতে হানা দিল পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ‘দাবাং’ গার্লের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করা হয়। তারই তদন্তে সোনাক্ষীর বাড়িতে গেল মোরাদাবাদ পুলিশ। গত বছর এক ইভেন্ট আয়োজক অভিযোগ করেন, ২৪ লাখ রুপি অগ্রিম নেওয়ার পরও শেষ মুহূর্তে দিল্লির একটি অনুষ্ঠানে যাবেন না বলে জানান অভিনেত্রী। মোরাদাবাদ পুলিশ স্টেশনে প্রতারণার অভিযোগে করা হয় এফআইআর। ওই মামলায় বয়ান নিতে বৃহস্পতিবার রাতে জুহু পুলিশকে সঙ্গে নিয়ে অভিনেত্রীর বাড়িতে যায় মোরাদাবাদ পুলিশ। তবে ওই সময় বাড়িতে ছিলেন না অভিনেতা-রাজনীতিক শত্রুঘ সিনহার মেয়ে। কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর পুলিশ চলে যায়। জানা যায়, আবার তারা সোনাক্ষীর বাড়িতে যাবেন জেরা করতে। যদিও এই অভিনেত্রীর মুখপাত্র সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সোনাক্ষীর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘নয় বছরের ক্যারিয়ারে সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করেছেন সোনাক্ষী। এই লোকটা যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।’
‘খানদানি সাফাখানা’ ছাড়াও সোনাক্ষীর হাতে আছে দাবাং থ্রি, মিশন মঙ্গল ও ভূজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া।
