খালেদার মুক্তির দাবিতে এককভাবে নামছে বিএনপি

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০১:৫০ এএম

দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবার এককভাবে রাজপথে নামছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরিশালের বান্দ রোডে হেমায়েতউদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, দলের কারাবন্দি চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশ করবে। এছাড়া দলের আইনজীবীরা আইনি লড়াইও চালিয়ে যাবেন। তিনি বলেন, বিভাগীয়

 

সমাবেশ শেষে জেলা পর্যায়ে সমাবেশেরও চিন্তাভাবনা রয়েছে দলের। কোরবানির ঈদের আগেই সবগুলো বিভাগে বিভাগীয় সমাবেশ সম্পন্ন করা হবে।

বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, বিভাগীয় সমাবেশগুলো বিএনপি এককভাবে পালন করবে। এসব সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্ট কিংবা ১৯ দলীয় জোটের নেতাদের হয়তো দাওয়াত দেওয়া হতে পারে। মূলত এ সমাবেশগুলো বিএনপি এককভাবে পালন করবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দেশ রূপান্তরকে বলেন, দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন করবে তাদের দল। পাশাপাশি আইনি লড়াইও চলবে।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদ-ে দ-িত হন। ওইদিনই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ইতিমধ্যে তার কারাবন্দিত্বের ১৬ মাস চলছে। এখন দলের নেত্রীর মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এর অংশ হিসেবে আগামী ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত বছরের ৬ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচি পালনকালে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। এরপর ৮ মার্চ অপর এক কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে গ্রেপ্তার করা হয়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপর এক কর্মসূচি পালনের প্রস্তুতিকালে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বিএনপি নেতারা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন কারাবন্দি হওয়ার পর দলের পক্ষ থেকে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। পরে দলের কর্মসূচিতে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করায় আর কর্মসূচি দেওয়া হয়নি। এখন আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করে এককভাবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। 

বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু গতকাল দেশ রূপান্তরকে বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে বরিশাল বিভাগের জেলাগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করে বিভাগীয় সমাবেশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। এর অংশ হিসেবে ১৮ জুলাই বরিশালে বিভাগীয় সমাবেশ।

বিএনপির বাইরে জাতীয় ঐক্যফ্রন্ট কিংবা ১৯ দলীয় জোটের কাউকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে নান্নু বলেন, এমন কোনো সিদ্ধান্ত তাদের জানানো হয়নি।

ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন, অন্য বিভাগের সমাবেশের পর সবশেষে ঢাকার সমাবেশ হবে। তবে এখনো তারিখ চূড়ান্ত করা হয়নি। 

এদিকে সিলেট বিভাগের জেলাগুলোর সাংগঠনিক বিষয়ের দায়িত্বে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি গতকাল বলেন, সিলেট বিভাগীয় সমাবেশের বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। এখনো তারা তারিখ চূড়ান্ত করতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত