দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী আজ ঢাকা আসছেন

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০২:৩৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে আজ শনিবার ঢাকা আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন। তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লি নাক চার দেশের সফরের অংশ হিসেবে প্রথমে ঢাকা আসছেন। ১৩-২১ জুলাই তিনি বাংলাদেশ, তাজিকিস্তান, কিরগিজস্তান

ও কাতার সফর করবেন।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষ ও কোরিয়া বাণিজ্য বিনিয়োগ প্রমোশন এজেন্সির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া কোরিয়া ন্যাশনাল ডিপ্লোম্যাটিক অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। রবিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন লি। এদিন বিকেলে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফরকালে কোরীয় প্রধানমন্ত্রী সাভারের ইপিজেড এলাকা পরিদর্শন করবেন। সোমবার লি নাক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ওইদিনই তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত