মুক্তিযোদ্ধাদের জন্য স্মার্টকার্ড ও অর্থ বরাদ্দ চান জেলা প্রশাসকরা

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০২:৪২ এএম

মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড, অসচ্ছলদের আবাসন ও চিকিৎসা সুবিধার জন্য বিশেষ অর্থ বরাদ্দের প্রস্তাব করবেন জেলা প্রশাসকরা। আগামী রবিবার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সম্মেলনের প্রথম দিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি নিয়ে বসছে প্রথম অধিবেশন। জেলা প্রশাসক সম্মেলন ২০১৯-এর কার্যপত্র থেকে এসব তথ্য পাওয়া যায়। মুক্তিযোদ্ধাদের সরকারি সেবা সহজে প্রদানের জন্য

স্মার্টকার্ড প্রবর্তনের প্রস্তাব রাখবেন যশোরের জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধারা সহজে সরকারি সেবা ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করতে পারবেন। আর অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ব্যবস্থা এবং দুরারোগ্য রোগে আক্রান্তদের তাৎক্ষণিক সাহায্য প্রদানের জন্য জেলা প্রশাসকের অধীনে অর্থ বরাদ্দের প্রস্তাব রাখবেন মাদারীপুরের জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, এই অর্থ দিয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের ব্যবস্থা করা যাবে। দুরারোগ্য রোগে আক্রান্ত মুক্তিযোদ্ধাদের তাৎক্ষণিক সাহায্য প্রদান করা যাবে।

এ ছাড়া চট্টগ্রাম জেলার কালুরঘাট বেতারকেন্দ্রকে ঐতিহাসিক স্থাপনা উল্লেখ করে মহান স্বাধীনতাসংগ্রামের নিদর্শন হিসেবে সেটিকে স্বাধীনতা জাদুঘর প্রতিষ্ঠা করার প্রস্তাব রাখবেন চট্টগ্রামের জেলা প্রশাসক। প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তা সংরক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব রাখবেন বরিশালের জেলা প্রশাসক। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রতি বছর অসংখ্য দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। আবাসন সুবিধা খুবই কম উল্লেখ করে কমপ্লেক্সকে আধুনিক পর্যটন কেন্দ্রে উন্নতীকরণের প্রস্তাব রাখবেন মেহেরপুরের জেলা প্রশাসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত