তেমন কোনো কারণ ছাড়াই কিছুদিন ধরে রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। দাম বেড়েছে মুরগির মাংস, ডিমসহ আরও কয়েকটি নিত্যপণ্যের। গত বৃহস্পতিবার থেকে হঠাৎ করেই দ্বিগুণ দামে বিক্রি মরিচও। গতকাল শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে জানা গেছে, কয়েক দিনের ব্যবধানে
কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা, ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা। এ ছাড়া চায়না রসুনের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা ও কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা।
কারওয়ান বাজার, শান্তিনগর, সেগুনবাগিচা, মোহাম্মদপুর, হাতিরপুল বাজারের দোকানিরা বলছেন, টানা কয়েক দিনের বৃষ্টি ও স্থানীয় বাজারে মজুদ সংকটের পাশাপাশি ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাজারে পেঁয়াজ ও মরিচের দাম বেড়েছে।
দেশি পেঁয়াজের কেজি ৫০ টাকা, যা দুই সপ্তাহ আগেও ছিল ২৫ টাকা। আর কিছুটা নিম্নমানের দেশি ও ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা । ভারতীয় রসুন কেজি ১৬০, দেশি রসুন কেজি ১২০, আদা চায়না ১৪০, দেশি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু ২০ টাকা, কাঁচা মরিচ কেজিতে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়, শসা ১০ টাকা বেড়ে ৭০ টাকা, কুমড়া ১০ টাকা বেড়ে ৩০ টাকা, পটোল ১০ টাকা বেড়ে ৪০ টাকা, বেগুন ২০ টাকা বেড়ে ৬০ টাকা, পুঁইশাক কেজি ২০ টাকা, পেঁপে ৫ টাকা বেড়ে ২৫ টাকা, টমেটো ১০ টাকা বেড়ে ৮০ টাকা, বরবটি ১০ টাকা বেড়ে ৫০ টাকা ও কাঁচকলা ১৫ টাকা হালিতে বেড়ে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
