সায়মা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১২:৩৮ এএম

ঢাকার ওয়ারীতে ৭ বছরের শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে, ধর্ষকের শাস্তির দাবিতে এবং সারা দেশে নারী-শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে শনিবার উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে নারী সংহতি-উত্তরা অঞ্চল।

এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নারী সংহতি-উত্তরা অঞ্চলের আহ্বায়ক সুলেখা রহমান।

সমাবেশে সঞ্চালনা করেন উত্তরা অঞ্চলের সদস্য সামিয়া রহমান। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কানিজ ফাতেমা মিথিলা, সদস্য লুভানা তাবাসসুম, তাসলিমা জুলকারনাইন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনিরউদ্দিন পাপ্পু।

মানববন্ধনে বক্তারা বলেন, ওয়ারীতে ধর্ষণের পর খুন করা হয়েছে ৭ বছরের শিশু সায়মাকে। খিলগাঁওয়ে বাবার হাতে তার কিশোরী মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। রাজধানীতে চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়েছে ৯ বছর বয়সী এক শিশু। একের পর এক নারী-শিশুর ওপর নৃশংস নিপীড়ন-ধর্ষণ-যৌননিপীড়ন চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে আমরা কেউ জানি না এরপর কে? কোথায়? আমরা কেউ জানি না। দেশে নিরাপত্তাহীনতা এমন অবস্থায় গেছে হয়তো কাল খবরের কাগজে আমি বা আপনিও ধর্ষণের শিকার হয়ে আরেকটা খবর হব, আরেকটা ধর্ষণ-মৃত্যুর সংখ্যা বাড়বে।

বক্তরা বলেন, সারা দেশে ধারাবাহিকভাবে ধর্ষণের ঘটনা ঘটছে। খবরের কাগজে একের পর এক ধর্ষণের খবর আসছে। এসব ঘটনার সঙ্গে কোনো না কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত। যারা এর বাইরে তারাও ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত। একজন রং মিস্ত্রী, বাসের চালক, শিক্ষক ধর্ষণ করছে। যারা নিপীড়ন-ধর্ষণ করে, তারা মনে করে দেশে কোনো বিচার নাই। তার কোনো শাস্তি হবে না। সমাজ নারীদের পুরুষের সামনে ভোগ্যপণ্য হিসেবে হাজির করেছে। এ কারণে একজন নিপীড়ক পুরুষ মনে করে সে যা খুশি তা ই করতে পারে। পুরুষতান্ত্রিক ক্ষমতার বলেই পুরুষ ধর্ষণের মতো অপরাধ করে।

বক্তারা বলেন, দেশের মানুষ এমন অবস্থায় এসেছে, কেউ অন্যায়ের প্রতিবাদ করলে, সত্য কথা বললে, মানুষকে সাহায্য করতে গেলে শাস্তি পেতে হয়। মৃত্যু, এমনকি দেশও ছাড়তে হতে পারে। কিন্তু আমাদের ফেনীর নুসরাত থেকে সাহস নিতে হবে, শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। দেশের এই অনিরাপদ অবস্থাকে প্রশ্ন করতে হবে এবং এ থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ লড়াই ছাড়া এই দুঃশাসন থেকে বের হওয়ার আর কোনো পথ নেই।

নারী সংহতির সমাবেশ থেকে বলা হয়, বিচারহীনতা ও দুঃশাসনের চূড়ান্ত অবস্থায় পৌঁছে যাওয়া এই সমাজে একা একা পথ চলার কোন সুযোগ  নেই।

বিচারহীনতা, ধর্ষণ-যৌন-নিপীড়নের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায়-প্রতিষ্ঠানে প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানায় নারী সংহতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত