রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। স্টেশনের উত্তর মাথার ২ নম্বর প্ল্যাটফর্মের ৪ নম্বর লাইনে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরেক স্কুলছাত্রী। এর ঘণ্টাখানেক পর বিমানবন্দর স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত করে এক পোশাককর্মীর টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, দুই স্কুলছাত্রী চার নম্বর লাইন অতিক্রমের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার খাতায় একজনের নাম নূপুর ও আরেকজনের নাম শ্রাবন্তী এবং দশম শ্রেণি লেখা আছে।
চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইয়ের শিকার জাকিরুল ইসলামকে (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীরা তার বাম পায়ে ছুরিকাঘাত করে। তার অনেক রক্তক্ষরণ হয়েছে। জাকিরুল জানান, তার বাড়ি জামালপুর। চাকরি করেন নারায়ণগঞ্জের বিসিক এলাকায় একটি পোশাক কারখানায়। তিনি জানান, জামালপুর থেকে একটি ট্রেনের ছাদে করে ঢাকায় আসছিলেন। বিমানবন্দর থেকে ট্রেনটি ছাড়ার পরপরই দুই ছিনতাইকারী বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে ৭ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
