ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ে জনবল বৃদ্ধিসহ বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত তিনটি প্রস্তাব এসেছে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী এ সম্মেলন। সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি নিয়ে বসবে তৃতীয় অধিবেশন। ডিসি সম্মেলন ২০১৯-এর কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ে জনবল বৃদ্ধির প্রস্তাব তুলে ধরবেন সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলাম। প্রস্তাবের সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, মাত্র দুজন জনবল নিয়ে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এতে তদারকি ও জনসচেতনতামূলক কাজ চলাকালে অফিস তালাবদ্ধ থাকে। এতে সেবাগ্রহীতাকে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। জেলা কার্যালয়ে জনবল কাঠামো বাড়ানো হলে কার্যক্রমে গতিশীলতা আসবে।
এ ছাড়া ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫; মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্তির প্রস্তাব উপস্থাপন করবেন কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন। প্রস্তাবের পক্ষে যুক্তিতে তিনি বলেন, খাদ্যে ফরমালিন মেশানো নিয়ন্ত্রণের জন্য ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত করা প্রয়োজন।
বগুড়া জেলায় সবজি সংরক্ষণাগার নির্মাণের প্রস্তাব তুলে ধরবেন সেখানকার ডিসি ফয়েজ আহাম্মদ। প্রস্তাবের সপক্ষে যুক্তি টেনে তিনি বলেছেন, সবজি সংরক্ষণাগার না থাকায় অল্প সময়ে কাঁচা সবজিতে পচন ধরায় কৃষিসমৃদ্ধ জেলার শিবগঞ্জ উপজেলার সবজিচাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারিভাবে সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হলে সবজিচাষিরা ন্যায্যমূল্য পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।
