গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্পেনের ক্যান্টাব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।
ডক্টরেট ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন প্রজন্ম ও পূর্ববর্তী প্রজন্মগুলোর পুঞ্জীভূত জ্ঞানের সংযোগস্থল। তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে বিশ্ববিদ্যালয় এমন একটি স্থান, যেখানে ভ্রান্ত তত্ত্ব ও ধারণাগুলো চুরমার করে নতুন নতুন তত্ত্ব ও ধারণা গড়ে তোলা হয়। প্রচলিত অর্থনৈতিক তত্ত্বের ত্রুটিই দারিদ্র্য, বেকারত্ব, সম্পদ কেন্দ্রীকরণ ও বৈশ্বিক উষ্ণায়নের মতো সমস্যার সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব হচ্ছে এই অর্থনৈতিক তত্ত্ব পুনর্নির্মাণের মাধ্যমে সমাজের এসব সমস্যা দূর করতে সাহায্য করা।
আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত স্যান্টান্ডার নগরীতে ইউনূসের অবস্থানকালে সেখানকার দুটি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে ‘ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং এ লক্ষ্যে ইউনূস সেন্টারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। বিশ্ববিদ্যালয় দুটি হচ্ছে ক্যান্টাব্রিয়া ও মুরসিয়া। পৃথিবীর ৩১টি দেশে বিস্তৃত ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার নেটওয়ার্কে এই দুটি বিশ্ববিদ্যালয় যথাক্রমে ৭৭তম ও ৭৮তম সংযোজন।
