পিপলস লিজিংয়ের গোঁজামিল

৯ পরিচালকসহ ১১ জনের হিসাব-সম্পত্তিতে নিষেধাজ্ঞা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০২:৩২ এএম

পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ৯ পরিচালকসহ মোট ১১ জনের নিজেদের যেকোনো হিসাব থেকে অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেছে হাইকোর্ট। ফলে তারা ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও কো-অপারেটিভ সোসাইটি হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন না। একই সঙ্গে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পিপলস লিজিংয়ের অবসায়নে দায়ের করা বাংলাদেশ ব্যাংকের এক আবেদনের প্রেক্ষিতে গতকাল বরিবার এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার। যেসব ব্যক্তির ব্যাংক হিসাব ও স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারা হলেনÑ

পিএলএফএসএলের সাবেক পরিচালক এম মোয়াজ্জেম হোসেইন, নারগিস আলামিন, হোমাইরা আলামিন, আরাফিন সামসুল আলামিন, মোহাম্মদ ইউসুফ ইসমাইল, মতিউর রহমান, বিশ্বজিৎ কুমার রায়, খবিরুদ্দিন মিয়া, মোহাম্মদ সহিদুল হক এবং পিএলএফএসএলের শীর্ষ দুই কর্মকর্তা কবির মুস্তাক আহমেদ ও নৃপেন্দ্র চন্দ্র পণ্ডিত। ওই ১১ ব্যক্তির সম্পদ ও ব্যাংক হিসাবের ওপর কেন অন্তর্বর্তী নিষেধাজ্ঞা আরোপ করা হবে না, তা-ও জানতে চেয়েছে হাইকোর্ট।

গতকাল পিপলস লিজিংয়ের অবসায়নে ‘দি ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৯৩-এর ২৯ ধারায় হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মামলায় শুনানি করেন ব্যারিস্টার তানজিব উল আলম ও কাজী এরশাদুল আলম। শুনানিতে পিপলস লিজিংয়ের অবসায়নে বাংলাদেশ ব্যাংকের আবেদন গ্রহণ করে আদালত। বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো. আসাদুজ্জামান খানকে পিপলস লিজিংয়ের অবসায়ক নিযুক্ত করা হয়েছে। 

নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও পরিচালকদের অর্থ আত্মসাতের কারণে আমানতকারীদের অর্থ ফেরতে ব্যর্থতায় চলতি বছরের ২১ মে পিপলস লিজিংয়ের অবসায়নে অর্থ মন্ত্রণালয়ে অনুরোধ জানায় বাংলাদেশ ব্যাংক। গত ২৬ জুন অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেয়। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির দুই হাজার কোটি টাকার আমানত রয়েছে। এর মধ্যে ব্যক্তি গ্রাহকের ৭০০ কোটি টাকা ও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের ১ হাজার ৩০০ কোটি টাকা। পিপলস লিজিং ১ হাজার ১৩১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যার মধ্যে ৭৪৮ কোটি টাকা খেলাপি। খেলাপি ঋণের মধ্যে ৫৭০ কোটি টাকা প্রতিষ্ঠানটির পরিচালকরা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।      

×
সর্বশেষ সর্বাধিক পঠিত