বরিশাল বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষার দাবিতে তালা

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০২:৪১ এএম

ক্লাস ও পরীক্ষার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের অফিস রুমে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুর ১২টায় তারা বিভাগের সামনে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অবস্থান করেন।

শিক্ষার্থীরা জানান, গত ২৫ মে ৭ম সেমিস্টারের পরীক্ষা শেষ হলেও শিক্ষকদের অন্তঃকোন্দলের জন্য ৮ম সেমিস্টারের ক্লাস শুরু না করায় অফিস রুমে তালা লাগিয়ে দিয়েছেন তারা। এ ছাড়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জানুয়ারিতে অনার্স শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৮ম সেমিস্টারের ক্লাস শুরু হয়নি। আটকে আছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। ক্লাস শুরু হচ্ছে না ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৫ম সেমিস্টারের।

শিক্ষার্থী তাজিবুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের অন্তঃকোন্দলের জন্য অভিযোগ আর পাল্টা অভিযোগ শুনতে হচ্ছে তাদের প্রত্যেকের কাছে গিয়ে। দ্বারে দ্বারে ভিক্ষা করার মতো একটা অবস্থা। শিক্ষকদের ইগোর জন্য সেশনজটে পড়ছি আমরা।’

বিভাগের চেয়ারম্যান মোহসিনা হোসাইন জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। ক্লাস শুরু করা বিভাগের দায়িত্ব। ২০১৪-১৫ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে কোর্স বণ্টন করার জন্য ২ জুলাই একাডেমিক কমিটির বৈঠক আহ্বান করা হয়। কিন্তু বিভাগের কোনো শিক্ষক সেখানে উপস্থিত হননি। শিক্ষকরা কোর্স সিলেক্ট না করায় ক্লাস শুরু করা যায়নি। শিক্ষকদের অসহযোগিতার জন্য ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দ্রুত ক্লাস নেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত