নির্ধারিত ৫০ ওভারের শেষ ছয় বলে মাঠের আম্পায়ার ভুল করে ইংল্যান্ডকে এক রান বেশি দিয়েছে বলে জানিয়েছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার সাইমন টফেল।
টফেল ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একজন আম্পায়ার। সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটারদের কাছে দারুণ শ্রদ্ধেয় ছিলেন তিনি।
রোববার ৫০তম ওভারে বেন স্টোকসের ব্যাটে লেগে একটি ‘থ্রো’ চার হয়ে যায়। ওই চারের সঙ্গে মাঠের আম্পায়ার দৌড়ে নেওয়া দুই রান যোগ করে, ছয় রানের সংকেত দেন। যেটি পরে ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টফেল বলছেন, আম্পায়াররা ‘পরিষ্কার ভুল’ করেছেন। তখন পাঁচ রান দেওয়া উচিত ছিল। কারণ যখন বল ছোড়া হয়, তখন ব্যাটসম্যানরা দুই রান পূর্ণ করেননি।
ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপকালে টফেল আইসিসি এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ১৯.৮ নিয়মের কথা বলেন, ‘যদি ফিল্ডারের ভুলে ওভারথ্রো থেকে বাউন্ডারি হয়, তাহলে দুই ব্যাটসম্যান থ্রোয়িংয়ের সময় যত রান পূর্ণ করবেন তত রান যোগ হবে।’
অর্থাৎ টফেল বলতে চাইছেন, দ্বিতীয় রানটি হওয়ার আগেই গাপটিল বাউন্ডারি লাইন থেকে কিপারের দিকে বল ‘থ্রো’ করেন।
‘এটা আসলে মারাত্মক ভুল,’ মন্তব্য করে সাবেক সহকর্মীদের সমর্থনও করেন টফেল, ‘এটা খেলার অংশ। বল কখন গাপটিল ছেড়েছে সেটা তাদের জন্য বোঝা কঠিন ছিল। ওদিকে আবার মনযোগ চলে যায় বাউন্ডারিতে।’
