সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১০ যাত্রী নিহত হওয়ার ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্ততের পক্ষ থেকে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।
এ তদন্ত কমিটিতে অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তরের প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল,পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) অশোক রায়, পাকশী বিভাগীয় রেলওয়ে মেডিকেল অফিসার এস কে রায়।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মিজানুর রহমান ও প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রেশি ইউনিয়নের সলোপ রেলস্টেশনের পূর্বপাশে বেতকান্দি অরক্ষিত রেলক্রসিংয়ের উপর ঢাকা-ঈশ্বরদী রেল লাইনে সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় বর-কনেসহ বিয়ের মাইক্রোবাসের ৯ যাত্রী ঘটনাস্থলে ও এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। এ ছাড়া এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। এরই প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
