নাম উল্লেখ না করে সাবেক এক প্রধান বিচারপতিকে কানে বড়শি লাগিয়ে দেশে আনার কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের উদ্বোধন
শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০১৭ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই বছরের শেষের দিক থেকে তিনি বিদেশে আছেন। প্রবাসে থাকাকালেই ‘অ্যা ব্রোকেন ড্রিম’ নামের আত্মজীবনীমূলক বইয়ে তিনি সরকারের চাপে দেশত্যাগে বাধ্য হওয়ার কথা লিখেছেন। সম্প্রতি ফারমার্স ব্যাংকের ঋণ জালিয়াতি ও ৪ কোটি টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাবেক এক বিচারপতির উদ্দেশে মোজাম্মেল হক বলেন, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। কানে বড়শি লাগিয়ে আনা হবে তাকে। তিনি আরও বলেন, সাবেক ওই প্রধান বিচারপতি দেশের টাকা আত্মসাৎ করেছেন, লুটপাট করেছেন। তিনি চোর ও দুর্নীতিগ্রস্ত। ক্ষমতার অপব্যবহার করার পরিণতি ভালো হয় না।
স্থানীয়ভাবে রাজাকারদের তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস হারিয়ে যাচ্ছে। এটি সংরক্ষণ করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে, আরও করা হবে। এছাড়াও এখন থেকে বিসিএস পরীক্ষায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নান। মন্ত্রী মোজাম্মেল হক মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রস্তুত করতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহায়তা কামনা করেন।
সরকারি অর্থায়নে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের নির্মাণকাজ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। গত বছর ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে জনসভায় এসে বেশকিছু উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ছিল।
