ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ জুলাই থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৯ জুলাই। গতকাল বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান,
১১ অথবা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। শুরুর দিন (২৬ জুলাই) সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের টিকিট বিক্রি শুরু করবে পরিবহন কোম্পানিগুলো। খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।
অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ দেশ রূপান্তরকে বলেন, ‘এবারও সরকার নির্ধারিত দামে টিকিট বিক্রি হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সেজন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে।’ কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি নেয় প্রমাণসাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে ২৯ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট। এবার অনলাইনে সকাল ৬টা ও কাউন্টারে ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে না পেলে যাতে কাউন্টারে এসে যাত্রীরা টিকিট কিনতে পারেন, সেজন্য এ ভিন্নতা।
