ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের মামলার চার্জগঠন পিছিয়ে ৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ অভিযোগ গঠনের দিন পেছান।
বাদীপক্ষের কৌঁসুলি এম শাহজাহান সাজু জানান, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতকে যৌন নিপীড়নের মামলার গতকাল অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের সময় আবেদনে আদালত অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ৫ আগস্ট ধার্য করে। এ সময় মামলার একমাত্র আসামি সিরাজ-উদ-দৌলা আদালতে উপস্থিত ছিল।
নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগে গত ২৭ মার্চ তার মা শিরিনা আক্তার সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে সিরাজকে আসামি করে মামলা করেন। ওই দিনই পুলিশ তাকে আটক করে। এ মামলায় ৩ জুলাই তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহআলম আদালতে অভিযোগপত্র জমা দেন। নুসরাত হত্যায় পৃথক মামলায় অধ্যক্ষসহ ১৬ জনের বিরুদ্ধে বিচার চলছে।
