চট্টগ্রামে মহাসমাবেশের অনুমতি পেল বিএনপি

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৩:৪৬ এএম

অবশেষে চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার দুপুর ২টায় নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় এ সমাবেশ শুরু হবে।

গতকাল শুক্রবার বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপির) নগর বিশেষ শাখা থেকে মহাসমাবেশের লিখিত অনুমতিপত্র দেওয়া হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, ৪ জুলাই আমরা কাজির দেউড়ি মোড় অথবা জেলা পরিষদ মার্কেট চত্বরে ২০ জুলাই মহাসমাবেশ অনুষ্ঠানের অনুমতির জন্য সিএমপির কাছে চিঠি দিয়েছিলাম। মাত্র ১ দিন আগে আমাদের প্রস্তাবিত স্থান দুটির পরিবর্তে নুর আহমদ সড়কের আমাদের দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় এ সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিভাগীয় মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় অন্য নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম দেশ রূপান্তরকে বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের ১০টি সাংগঠনিক জেলা থেকে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণও অংশ নেবেন।

প্রস্তুতি সভা : বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে প্রস্তুতি সভা হয়েছে। সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম হচ্ছে আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। এ চট্টগ্রাম থেকেই শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের মাটি থেকেই খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনও বিভাগীয় সমাবেশ থেকে শুরু হবে। বেগম জিয়াকে মুক্তি দেওয়া না হলে এই চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের সূচনা হবে। নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত