দীর্ঘ পথের গল্প শোনালেন সারা যাকের শিমূল ইউসুফ

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৪:০১ এএম

সারা যাকের ও শিমূল ইউসুফ। দুজনই বাংলাদেশের নাট্যাঙ্গনের পুরোধা নাট্যজন। তিন যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের নাট্যাঙ্গনে বিচরণ তাদের। স্বাধীনতা-পরবর্তী নাট্যচর্চায় অসংখ্য নারী নাট্যশিল্পীর অনুপ্রেরণা হয়ে আছেন তারা। গতকাল শুক্রবার রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মঞ্চে এই দুই নাট্যব্যক্তিত্ব মুখোমুখি হয়েছিলেন দর্শকের। আলাপনে ও দর্শকের নানা প্রশ্নে তারা তুলে ধরেন দীর্ঘ নাট্য-অভিজ্ঞতার কথা।

সারা যাকের বলেন, নাটককে ভালোবেসেই এই দীর্ঘ পথচলা। নাটকের মাঝেই বাঁচার শক্তি খুঁজে পান তিনি। অন্যদিকে শিমূল ইউসুফ বলেন, ছোটবেলা থেকে সংগীতচর্চায় যুক্ত আর মুক্তিযুদ্ধের পর ঢাকা থিয়েটারে যুক্ত হন। এরপর থেকে সংগীতকে সঙ্গী করেই নাট্যচর্চায় নিজেকে ব্যস্ত রেখেছেন। এমনকি অভিনয়ের সময় চরিত্রকে সংগীতের সঙ্গে মিশিয়েই চরিত্রায়ন করেন তিনি। থিয়েটার ও সংগীত তার কাছে মিলেমিশে একাকার। থিয়েটার ডিরেক্টরস ইউনিটি বাংলাদেশের আয়োজনের শুরুতেই এ দুজন নাট্যব্যক্তিত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাট্যনির্দেশক ড. মোহাম্মদ বারী। স্বাগত বক্তব্য রাখেন অনন্ত হিরা। এরপর আজাদ আবুল কালামের সঞ্চালনায় তিন ঘণ্টারও বেশি সময় থিয়েটারের নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন সারা যাকের ও শিমূল ইউসুফ।

এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন নাসিরউদ্দীন ইউসুফ, মোহাম্মদ আলী হায়দার, তৌফিকুল ইসলাম ইমন, সামিনা লুৎফা, আসাদুল ইসলাম, আইরিন পারভিন লোপা, চন্দন রেজা, আহাম্মেদ গিয়াস প্রমুখ।

মঞ্চে এলো ‘রাত ভরে বৃষ্টি’ : বাংলাদেশের নাট্যাঙ্গনে যুক্ত হলো আরেকটি নতুন নাটক। ‘আপস্টেজ’ মঞ্চে নিয়ে এসেছে বুদ্ধদেব বসুর লেখা উপন্যাস ‘রাত ভরে বৃষ্টি’। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। অভিনয় করছেন প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী ও কাজী রোকসানা রুমা (বটতলা)। সংগীত পরিকল্পনা করছেন অসিত কুমার (ঐকিক থিয়েটার), আলোক পরিকল্পনা করছেন অমøান বিশ্বাস (নাগরিক নাট্য সম্প্রদায়), পোশাক পরিকল্পনা রুনা কাঞ্চন (তাড়–য়া), মঞ্চ পরিকল্পনা, দলের লোগো, পোস্টার ও প্রকাশনায় সাকিল সিদ্ধার্থ। এই নাটকের মাধ্যমেই নাট্যাঙ্গনে অভিষেক হলো নতুন নাট্যদল আপস্টেজের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত