জয়পুরহাটে পারিবারিক শত্রুতার জের ধরে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে জিয়াউল হক (৪৫) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলার শেকতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিয়াউল হক ওই গ্রামেরই মৃত জাইমুদ্দিনের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান জানান, শুক্রবার বিকেলে পাঁচবিবি উপজেলার কেশতা গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে জিয়াউল ও তার চাচাত ভাই আজিজুল হকের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আজিজুল ক্ষিপ্ত হয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় জিয়াউলকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
