ফাইনালের ফল নির্ধারণ পদ্ধতিকে ন্যায্য মনে হয়নি মরগানের

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:২৬ এএম

বিশ্বকাপ জয়ের মুহূর্ত ভুলতে পারছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মরগান। যেভাবে জিতলেন সেটাও মানতে পারছেন না। এখনো তার মনে আনন্দের ঘোরের মধ্যে একটু খোঁচা হয়ে থাকে বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থেকে বিশ্বকাপ জয়। আর সবার মতো আইসিসির এই নিয়ম যে ন্যায্য নয় তাও বললেন ইংলিশ অধিনায়ক, ‘এমন সিদ্ধান্তকে সমর্থন করার কোনো কারণ নেই। এটা মোটেই সঠিক ছিল না। বিশেষ করে এমন একটি ম্যাচে। যেখানে আপনি একটিও অবস্থা পাবেন না যে আঙুল তুলে বলবেন ওই কারণে ম্যাচ হেরেছে। আমি বলব দুই দলের খেলাই ছিল চরম ভারসাম্যপূর্ণ, সেখানে এই রকম জয়-পরাজয় ঠিক নয়।’

তবে বলা হচ্ছে ফাইনালের শেষ ওভারে মার্টিন গাপটিলের থ্রো থেকে বেন স্টোকসের ব্যাটে লেগে চার হওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। খালি চোখে এমনটা মনে হলেও মরগান জানালেন তার কাছে এরকম মনে হচ্ছে না, ‘জিতেছি বলে এমনটা মনে হতে পারে। কিন্তু আমি বলব এতটা সহজ ছিল না। ফাইনালের পর কেন উইলিয়ামসনের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে আমার। দুজনের কেউই এমন কোনো কারণ বা মুহূর্ত বলতে পারিনি যে তাতে মনে হয় আমরা ওদের ম্যাচটা দিয়ে দিয়েছি বা ওরা আমাদের।’ ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েছেন তিনি। ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের তকমা এখন গায়ে। ট্রফি তো জেতা হয়েছে, একের পর এক আয়োজনে উদযাপনও হয়েছে ঢের। এবার অনেক ক্রিকেটারের দিকে ছুটে আসা প্রশ্নটা তার দিকেও এলোÑ এরপর কী করবেন? বয়স এখন ৩২, পরের বিশ্বকাপ আসতে আসতে ৩৬ হয়ে যাবে। ওই বয়সে বিশ্বকাপ খেলবেন কি না এ প্রশ্ন উঠে আসছে বারবার। তিতিবিরক্ত না হয়ে ওই আইরিশ হাসি মুখেই জানান এখনো বলার সময় হয়নি।

তবে সাক্ষাৎকারের শেষে ঠিকই জানালেন যে হারলে মানাটা কঠিন হতো তাদের জন্য, ‘এটা ঠিক যেভাবেই হোক, জিতে আমরা খুশি। নয়ত খুব খারাপ লাগত। ভেঙে পড়তাম আমরা সবাই। কারণ এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছিলাম, আমাদের দলটাও যোগ্য ছিল। তাই যোগ্য দল হিসেবেই জিতেছি বলব। কিন্তু জয়ের ধরনটা হয়তো একটু অন্যরকম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত