মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে প্রিয়া সাহার করা অভিযোগ দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত বলে মনে করে ‘সম্প্রীতির বাংলাদেশ’ নামের একটি সংগঠন। তাই বিষয়টি তদন্ত করে দেশের প্রচলিত আইনে প্রিয়া সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে বিদ্যমান সম্প্রীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মিথ্যাচারের প্রতিবাদে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
লিখত বক্তব্যে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ট্রাম্পের কাছে প্রিয়া সাহার করা অভিযোগের সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। ৩৭ মিলিয়ন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীর মানুষ নিখোঁজ হয়েছে, যা অবাস্তব ও বানোয়াট । বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন কোন তথ্য বা পরিসংখ্যান নেই।
তিনি বলেন, প্রিয়া সাহা কাদের প্ররোচনায় কোন উদ্দেশ্যে এই মিথ্যাচার করেছেন সুষ্ঠু তদন্ত করলে অবশ্যই থলের আসল বেড়ালদের চেহারা বেরিয়ে আসবে। তবে প্রিয়া সাহাকে হাতিয়ার বানিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ ও সংঘবদ্ধ থাকতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পীযূষ বলেন, দেশের আইনে প্রিয়ার বিচার হোক। তবে আমরা আলাদাভাবে তার বিরুদ্ধে মামলা করব না।
