মেয়াদোত্তীর্ণ, আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি

সাভারে ৭ ফার্মেসিকে জরিমানা

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১১:০৬ পিএম

সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭টি ফার্মেসিকে ১০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাব যৌথভাবে উপজেলার বলিভদ্র, বাসস্ট্যান্ড ও বাজার এলাকার ওই সব ফার্মেসিতে অভিযান পরিচালনা করে।

এ সময় মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আলী ফার্মেসিকে ৪ লাখ, আবেদীন ফার্মেসিকে ৪ লাখ টাকা, শান্তা ফার্মেসি, স্মৃতি ফার্মেসি, দোলা ফার্মেসিসহ চারটি ফার্মেসিকে ২ লাখ টাকা এবং অন্য একটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নিজাম উদ্দিন বলেন, অভিযানে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ পান তারা। এ ছাড়া বিভিন্ন প্রকার ভ্যাকসিন নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করে খোলামেলাভাবে মজুদ ও বিক্রি করে আসছিলেন এসব ফার্মেসির মালিকরা। ফার্মাসিস্ট সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই তারা ওষুধ বিক্রি করে আসছিলেন বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত