চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী

উচ্চশিক্ষায় বড় চ্যালেঞ্জ শৃঙ্খলার অভাব

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১২:৪০ এএম

মেধা ও অ্যাকাডেমিক সামর্থ্য সত্ত্বেও উচ্চশিক্ষায় শৃঙ্খলার অভাব রয়েছে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গতকাল রবিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষা খাতে বিশেষ করে উচ্চশিক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শৃঙ্খলার অভাব। আমাদের অ্যাকাডেমিক ক্যাপাবিলিটি আছে।

মেধার কোনো অভাব নেই। বিশ্ববিদ্যালয় পরিচালনাসহ সর্বক্ষেত্রেই অসহিষ্ণুতা, ধৈর্য বা সাধারণ শৃঙ্খলাবোধের অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’ এদিন শিক্ষা উপমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।

নগরের রেডিসন ব্লু চিটাগাং বেভিউতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় অনেকাংশে গৌরবোজ্জ্বল নৌবাহিনীর মাধ্যমে পরিচালিত হবে। আমি বিশ্বাস করি সেই চ্যালেঞ্জ বা শৃঙ্খলার সংকট এখানে আমরা নিশ্চয়ই অতিক্রম করতে পারব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ, নজরুল ইসলাম চৌধুরী এমপি প্রমুখ।

একই দিন সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওফেল। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। ইউজিসি চেয়ারম্যান ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন এতে বক্তব্য রাখেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত