সাভারে দ্রুতগতির ঢাকাগামী যাত্রীবাহী ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যাওয়ার পর টানা ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে এখন পর্যন্ত গাড়িটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
নদীর গভীরতা বেশি এবং প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এছাড়া আধুনিক উদ্ধার সরঞ্জাম না থাকায় সনাতন পদ্ধতিতে এঙ্কর ফেলে গাড়ির অবস্থান শনাক্তে কাজ করছে বলে অভিযোগ করেছে উৎসুক জনতা।
বর্তমানে গাড়িটির অবস্থান শনাক্ত করে তা উদ্ধারে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৭ ডুবুরি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা গাড়িটির পড়ে যাওয়ার পর থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে টানা অভিযান পরিচালনা করে যাচ্ছে।
কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে ডুবুরিরা নিচে গিয়ে ঠিক থাকতে পারছে না। এছাড়া রাতভর সেতুর আশপাশে উদ্ধার অভিযান চালিয়ে গাড়িটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে না পারায় এখন উজান থেকে খুঁজতে খুঁজতে ভাটির দিকে যাচ্ছেন ডুবুরিরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরে ঢাকা-৪ এর জোন কমান্ডার মো. আনোয়ারুল হক বলেন, তুরাগ নদীতে পড়ে যাত্রীবাহী ট্যাক্সিক্যাবটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আমাদের ৭ জন ডুবুরি কাজ করছে। সম্ভাব্য জায়গাগুলোতে ডুবুরিরা ডুবানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু পানির উপরে যতটুকু স্রোত দেখা যায় তার দ্বিগুণ স্রোত রয়েছে পানির নিচে। ডুবুরিরা সেখানে গিয়ে ঠিক থাকতে পারছে না তাদেরকে স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। এখন আমরা ২০-৩০ ফুট গভীর পর্যন্ত এ্যাঙ্কর ফেলে ফেলে গাড়ির অবস্থান শনাক্তের জন্য ভাটির দিকে যাচ্ছি। যদি গাড়িটি স্রোতে ভাসিয়ে নিয়ে যেয়ে থাকে তা শনাক্তের জন্য।
অন্যদিকে ট্যাক্সিক্যাবটি পড়ের যাওয়ার খবর শুনে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন সেতুর দুইপাশসহ মহাসড়কেও। তারা ফায়ার সার্ভিসের এই সনাতন পদ্ধতিকে উদ্ধার অভিযান পরিচালনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও উৎসুক জনতাকে সামাল দিয়ে ঘটনাস্থলে কাজ করছে র্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে রবিবার রাত ৮টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় সালেহপুর সেতুতে উঠার আগেই দ্রুতগতির একটি যাত্রীবাহী ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে দিয়ে পানিতে পড়ে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিকের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী আইসিএস বিজনেস গ্রুপের আমিনবাজার সাইড অফিসে কর্মরত জসিম উদ্দিন জয় বলেন, “রাত ৮টার দিকে আমি কাজ শেষে অফিস থেকে বের হয়ে রিকশাযোগে আমিনবাজার যাচ্ছিলাম। হঠাৎ দেখি দ্রুত গতিতে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব অপর একটি বাসের সামনে দিয়ে উড়ে গিয়ে তুরাগ নদীতে পড়ে। বিষয়টি আমিসহ আরো কয়েকজন দেখেছি এবং প্রশাসনকেও জানিয়েছি।
ট্রাফিক পুলিশের আমিনবাজার এলাকার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যটি সড়কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হতে পেরেছি যে একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব সাভার থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সালেহপুর সেতুর পাশ দিয়ে তুরাগ নদীতে পড়ে গেছে।
