বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দুর্গত এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকার একযোগে কাজ করে যাচ্ছে।’ এ সময় তিনি জানান, আওয়ামী লীগের ৬ টি টিম বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে।
সোমবার কুড়িগ্রামের চিলমারী উপজেলা এলএসডি চত্বরে আওয়ামী লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও একটি দল, যারা রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন না করে শুধুই সরকারের সমালোচনা করছে। আমরা বন্যার্তদের কাছে এসেছি। কোনো রাজনৈতিক দল কিন্তু আসেনি। অথচ ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে।’
তিনি আরও বলেন,‘আওয়ামী লীগের ছয়টি টিম বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে। বন্যার পানি নেমে গেলে যারা গৃহহীন আছে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় ত্রাণ হিসেবে বন্যার্ত ৫ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, চিড়া, গুড়, মুড়ি, নুডলস, বিস্কুট, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এছাড়াও জেলায় সরকারিভাবে ৮০০ মেট্রিক টন চাল, ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং ৬ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ।
