সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী

জাতিসংঘের কাছে টাকা পাওয়ার আশা করা যায় না

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১২:১৫ এএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতিসংঘ ঘোষিত ১৫ বছর মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অনেক টাকার প্রয়োজন। কিন্তু জাতিসংঘের কাছ থেকে বেশি টাকা পাওয়ার আশা করা যায় না। তারা শুধু উৎসাহ দেয়, ভালো খাওয়া হয়; কিন্তু টাকা পাওয়া যায় না। এসডিজি বাস্তবায়নে যা করার আমাদের টাকায় করতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, জাতিসংঘের বিভিন্ন সভা-সেমিনারে মিয়ানমারের প্রতিনিধি অংশ নেন। কিন্তু তারা কোনো কথা বলেন না। চুপচাপ বসে থাকেন। গত ৯ থেকে ১৯ জুলাই নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিপিইডিসি) সম্মেলনের বিভিন্ন দিক জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব নূরুল আমিন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ, আইএমইডি সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়েজুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে আমরা কারও কাছে দান-খয়রাত চাই না। আমাদের কাজের সুযোগ এবং ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিলেই হবে। এই কথা বলেছি জাতিংসংঘের সম্মেলনে। উন্নত দেশগুলো যেসব প্রতিশ্রুতি দেয় তা কখনো পূরণ করে না। তাই বলে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে হবে না। যা কিছু করতে হবে এই কাদামাটি থেকে করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত