তুরাগ নদে পড়া ট্যাক্সিক্যাবের খোঁজ নেই তিন দিনেও

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১২:৩০ এএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর সেতু থেকে তুরাগ নদে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাব ও চালকের খোঁজ মেলেনি তিন দিনেও। ফায়ার সার্ভিসের পাশাপাশি গতকাল মঙ্গলবার দুপুর থেকে নৌবাহিনীর ডুবুরি দল দুটি স্ক্যানার দিয়ে তল্লাশি শুরু করেছে।

গত রবিবার রাত ৮টার দিকে সাভার থেকে ঢাকাগামী হলুদ রঙের ট্যাক্সিক্যাবটি আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদে ছিটকে পড়ে যায়। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও সাত সদস্যের একদল ডুবুরি গাড়ির অবস্থান শনাক্তের চেষ্টা চালান। পরে নৌবাহিনীর ১৩ সদস্যদের একটি দল নদের তলদেশে উদ্ধার তৎপরতা শুরু করে। এদিকে গতকাল দুপুর থেকে নৌবাহিনীর লে. সিরাজুস সালেকিনের নেতৃত্বে সাইট টোনার স্ক্যানার মেশিন দিয়ে নদীর প্রায় এক বর্গকিলোমিটার জায়গাজুড়ে স্ক্যান করা হচ্ছে।

নৌবাহিনীর চিফ পেটি অফিসার ডুবুরি কবির হোসেন জানান, নিখোঁজ ট্যাক্সিক্যাব ও চালকের সন্ধানে সাইট স্ক্যানার টোনার মেশিন ব্যবহার করা হচ্ছে। যেখানেই গাড়ির অবস্থান পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে চিহ্নিত করে ডুবুরি নামানো হবে।

প্রাথমিকভাবে চালক ও গাড়িটির মালিকানার পরিচয় পাওয়া গেছে। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের এক্সিও ২০১২ মডেলের গাড়িটির চালকের নাম জিয়াউর রহমান। তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোস্তফা মহসিন বলেন, তুরাগ নদে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাবটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সম্ভাব্য জায়গাগুলোতে ডুবুরিরা সন্ধান করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত