পাস্তুরিত দুধ নিয়ে গবেষণা করা অধ্যাপক আ ব ম ফারুকের পাশে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। একইসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের আচরণের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গবেষণার ফল ভুল বা শুদ্ধ তা পাল্টা গবেষণার মাধ্যমে প্রমাণ করতে হয়। মন্ত্রণালয় এ ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে ব্যবস্থা নেওয়ার যে হুমকি দিয়েছে তা গবেষকের গবেষণার স্বাধীনতায় হস্তক্ষেপ।
এতে বলা হয়, ‘অধ্যাপক আ ব ম ফারুক জনস্বার্থে তার গবেষণার ফলাফল উপস্থাপন করেছেন। জার্নালে প্রকাশিত হওয়ার আগে কোনো গবেষণার ফলাফল সভা, সেমিনার ও সম্মেলনে প্রকাশ করা যাবে নাÑ এ ধারণা সঠিক নয়।’ গত ১৮ জুলাই শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সভায় এ অধ্যাপককে হেনস্তা চেষ্টার নিন্দা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
