প্রায় ৫০ বছর আগে ব্যবহৃত এক জোড়া জুতার দাম কয়েক কোটি টাকা। কেমন সেই জুতা, যার এমন অবিশ্বাস্য দাম। এমনকি সোনা বা হিরা বাধানোও নয় এটি।
ইন্ডিয়া টুডে জানায়, মঙ্গলবার নিলামে এই পুরোনো জুতো হচ্ছে নাইকির মুন শু। চাঁদে হাঁটার জুতা হিসেবে যেটি পরিচিত।
১৯৭১ সালে ব্যবহৃত নাইকির ওই স্নিকার্স নিলামে বিক্রি হয় ৪ লাখ সাড়ে ৩৭ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৭০ লাখেরও বেশি টাকা। জুতা নিলামে নতুন রেকর্ড সৃষ্টি করেছে এটি।
নিলামকারী সংস্থা সোথবি এক বিবৃতিতে জানায়, এর আগে ১৯৮৪ সালে অলিম্পিক বাস্কেটবল ফাইনালে ব্যবহৃত মাইকেল জর্ডানের স্বাক্ষর করা জুতোর সর্বোচ্চ দাম উঠেছিল। ২০১৭ সালে নাইকি জুতা জোড়াটি বিক্রি হয়েছিল ১ লাখ ৯০ হাজার ডলারে।
কানাডীয় সংগ্রাহক মাইলস নাদাল অনলাইন নিলামে দর কষাকষির মাধ্যমে নাইকির এই জুতো জোড়া কিনেছেন।
নাদাল জানিয়েছেন, গত সপ্তাহেই গোপনে বিক্রি হওয়া একটি ব্যক্তিগত নিলামে আরও ৯৯ জোড়া জুতো কেনেন তিনি।
নাদাল বলেন, “এই মুন শু কিনতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। নাইকির তৈরি দুষ্প্রাপ্য জুতোগুলোর মধ্যে এটি অন্যতম। পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে আছে ক্রীড়া ইতিহাস। ৭০ এর দশকের পপ কালচারেরও অংশ ছিল এই জুতা।”
জানা যায়, মার্কিন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক নাইকির সহ প্রতিষ্ঠাতা বিল বোয়ারম্যান ১৯৭২ সালের অলিম্পিক ট্রায়ালের দৌড়বিদদের জন্য ফ্ল্যাট রেস এই জুতা ডিজাইন করেছিলেন।
নিলামকারী সংস্থা জানায়, সেই সময় তৈরি প্রায় ১২ জোড়ার মধ্যে মঙ্গলবারের জুতাটিই ছিল সর্বশেষ জোড়া।
সোথবির গ্লোবাল ই-কমার্স প্রধান নোয়া উনসচ বলেন, “আমরা পূর্বের রেকর্ড মূল্যের নিলামের তুলনায় প্রায় দ্বিগুণ দামে এই আইকনিক চাঁদের জুতা বিক্রি করতে পেরেছি। এই ঘটনায় আমরা বেশ উত্তেজিত।”
