দেশের বাজারে থাকা সব ব্র্যান্ডের ডিটারজেন্টে মানবদেহে ক্যানসার সৃষ্টির জন্য দায়ী একটি ক্ষতিকর পদার্থের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. নাহিন মোস্তফা নিলয় এ গবেষণা করেন।
গবেষক নাহিন জানান, দেশে অধিকাংশ ডিটারজেন্টে ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্ট হিসেবে টিনোপল নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এটি মূলত জামাকাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ডিটারজেন্টে দেওয়া হয়; যা পরবর্তী সময়ে নদী-নালা ও লেকের পানিতে মিশে যায়।
তিনি বলেন, ‘পদার্থটির উপস্থিতি মানবদেহে এলার্জি, চর্মরোগ, জীনগত পরিবর্তন, কিডনি বিকল ও অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে মানবদেহে ক্যানসার সৃষ্টিকারী উপাদানে রূপান্তরিত হতে পারে। ক্ষতিকর এজেন্টটি চূড়ান্তভাবে পানি শোধনেও সম্পূর্ণভাবে দূর করা যায় না।’
গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক শফি মুহাম্মদ তারেক দেশ রূপান্তরকে বলেন, ‘মানবদেহের জন্য উপাদানটি খুবই ক্ষতিকর। ডিটারজেন্টে উপাদানটি ব্যবহার করতে হয়, কিন্তু এর একটা মাত্রা আছে। বাজারের ডিটারজেন্টে যে মাত্রা পাওয়া গেছে তা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক ওপরে। এটা খুবই উদ্বেগজনক।’
শিগগিরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বিস্তারিত গবেষণাপত্র জমা দেবেন জানিয়ে গবেষক বলেন, ‘জনস্বার্থে আগে এর একটা অংশ প্রকাশ করা হলো।’
