গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রীকে গলা কেটে হত্যাচেষ্টা চালিয়েছে এক বখাটে। গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রীর নাম সুমাইয়া আক্তার (১৬)। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। সে পটকা সিনিয়র আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, সুমাইয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাতে তিন ইঞ্চি দৈর্ঘ্যরে চিহ্ন রয়েছে। তবে সে শঙ্কামুক্ত। একই মাদ্রাসার ছাত্র রেদোয়ান দীর্ঘদিন ধরে সহপাঠী সুমাইয়াকে উত্ত্যক্ত করে আসছিল। সে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মাদ্রাসার সহকারী মৌলভী মো. মোবারক হোসেন।
শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিলেন ওই মাদ্রাসার ছাত্রী। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় সেরার খালের সেতু এলাকায় পৌঁছলে ঝোপের আড়াল থেকে এক যুবক বের হয়ে এসে কিছু বুঝে ওঠার আগেই সুমাইয়ার গলায় ছুরি চালিয়ে দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে চেতনা হারিয়ে ফেলে সুমাইয়া।
