তুরাগে নিখোঁজ ট্যাক্সিক্যাব

উদ্ধার অভিযানে ফল নেই পাঁচ দিনেও

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১০:৩০ পিএম

তুরাগ নদে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাব ও এর চালকের সন্ধানে টানা পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চললেও তাদের খোঁজ মেলেনি। প্রথমে সনাতন পদ্ধতিতে অভিযান, এরপর ডুবুরি মোতায়েন, সবশেষে সাইট টোনার স্ক্যানার মেশিন দিয়ে চার কিলোমিটার এলাকাজুড়ে সন্ধান চালিয়েও কোনো ফল পাওয়া যায়নি।

এদিকে প্রতিদিনই নিখোঁজ ট্যাক্সিক্যাব চালকের স্বজনরা তার মরদেহ পাওয়ার আশায় নদের পাড়ে অপেক্ষা করছেন। গতকাল বৃহস্পতিবারও দুই মেয়ে নয় বছরের জাকিয়া ও চার বছরের নুসরাতকে নিয়ে তুরাগের সালেহপুর সেতুর কাছে ছিলেন স্ত্রী খালেদা আক্তার। ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর জোন কমান্ডার আনোয়ারুল হক বলেন, ট্যাক্সিক্যাব ও চালকের সন্ধানে টানা পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে রাতেই উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হতে পারে।

গত রবিবার রাত ৮টার দিকে সাভার থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ছিটকে পড়ে যায়। সেতুর কাছেই মহাসড়কে বসানো সিসিটিভিতে ধারণকৃত ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত