সাভারে বাসা নিতে গেলে ছেলেধরা বলে এক নারীকে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাব্বির হোসেন শাওন (১৮) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিণধরা বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির হোসেন হরিণধরা বাগবাড়ি এলাকার খোরশেদ আলমের ছেলে এবং সে স্থানীয় তেঁতুলঝোড়া কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমারৎ হোসেন বলেন, ছেলেধরা গুজবে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রথমে সংগৃহীত ভিডিও ফুটেজ দেখে ওই কলেজছাত্রকে চিহ্নিত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতা নিয়ে বৃহস্পতিবার দুপুরে হরিণধরা বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার সকালে সালমা আক্তার নামে এক নারী সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বাসা ভাড়া নিতে গেলে ছেলেধরা অপবাদ দিয়ে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয়রা।
গুজব ছড়ানোর অভিযোগে আটক ২ : ফেইসবুকের মাধ্যমে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবদুল আলিম নামে এক সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ। তার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
দিনাজপুরে ফেইসবুকে গুজব ছড়ানোর দায়ে একজনকে আটক করেছে পুলিশ। তার নাম মোস্তফা মোনওয়ার হোসেন (৩৪)। তার বাড়ি দিনাজপুরের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মহরমপুর গ্রামে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর পুলিশ লাইনস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
