৫৬ মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করার নির্দেশ

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৩:০০ এএম

নাটোরে ৫৬ মুক্তিযোদ্ধাকে সরকারি গেজেটভুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্তে একটি রিট আবেদনের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে মুক্তিযোদ্ধাদের

পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হুমায়ুন কবির বুলবুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান ও অমিত দাসগুপ্ত।

আইনজীবী সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩০ মার্চ ও ২৭ আগস্ট নাটোর জেলার মুক্তিযোদ্ধাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই শেষে জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি নাটোর জেলা সদরের ১৩১ মুক্তিযোদ্ধার নাম সরকারি গেজেটে প্রকাশের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে সুপারিশ করে। তবে কিছু মুক্তিযোদ্ধার নাম গেজেটে প্রকাশ করা হলেও ৫৬ জনের বিষয়ে দীর্ঘ সময়েও গেজেট প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে তিনজন একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা এবং ১০ জন মুক্তিযোদ্ধার পরবর্তী বিভিন্ন সময়ে মৃত্যু হয়। এই ১৩ মুক্তিযোদ্ধার পক্ষে তাদের উত্তরাধিকারী হিসেবে চলচ্চিত্র পরিচালক শেখ নজরুল ইসলাম এবং সাংবাদিক রেজাউল করিম হাইকোর্টে রিট আবেদন করেন। পরবর্তী সময়ে বিভিন্নজন অন্য মুক্তিযোদ্ধাদের পক্ষে আবেদন করেন। ২০১৬ সালের ৮ ডিসেম্বর রিটের শুনানি নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে এই ৫৬ জনকে কেন গেজেটভুক্ত করা হবে না এবং নিয়ম অনুযায়ী তাদের কেন ভাতা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রায় হলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত