আফ্রিকার উগান্ডা থেকে বিপুল পরিমাণ মানুষ অভিবাসন নিচ্ছে ভারতে। দেশটিতে অভিবাসীদের জনসংখ্যা নিরূপণ করতে গিয়ে সম্প্রতি এমন তথ্য বেরিয়ে এসেছে।
বিবিসি জানায়, উগান্ডার নাগরিকেরা বসবাসের জন্য বেছে নিচ্ছে ভারতকে। দ্রুত হারে তাদের সংখ্যা বেড়েই চলেছে, এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক জনসংখ্যা জরিপ।
কেন সুদূর আফ্রিকা থেকে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে অভিবাসন নিচ্ছে। এর উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে, দুই দেশের মধ্যে দীর্ঘ এক সম্পর্কের কথা।
জানা যায়, ১০০ বছর আগে উগান্ডার রেলওয়ে গড়ে তুলতে বড় ধরনের ভূমিকা ছিল ভারতীয় শ্রমিকদের।
১৮৯০ সালে দেশটির রেলওয়েতে কাজ করতে যায় ৪০ হাজার ভারতীয়, যাদের অধিকাংশ ছিল পাঞ্জাবি। রাজধানী কাম্পালা থেকে কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসা পর্যন্ত রেলপথ তৈরি করেন তারা।
তখন থেকে ভারতীয়রা দেশটিতে বসবাস করে আসছিল। কিন্তু সামরিক শাসক ইদি আমিন ১৯৭২ সালে জোরপূর্বক দেশ থেকে তাদের বের করে দেন। তারা উগান্ডার অর্থনীতি চুষে নিচ্ছে বলে দাবি করেন ইদি আমিন।
তবে ৮০-৯০ দশকের দিকে কিছু ভারতীয় উগান্ডায় ফিরে আসেন আবার। পরবর্তীতে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন তারা। সেই সূত্রে দুই দেশের মধ্যে পুরোনো সম্পর্কটি আবার চাঙা হয়।
২০১১ সালের ভারতের আদমশুমারি অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১২১ কোটি। ১০ বছর পর পর হওয়া এই জনসংখ্যা জরিপের কিছু অপ্রকাশিত তথ্য সম্প্রতি প্রকাশ পেয়েছে।
দেখা গেছে, ২০০১ সালের আদমশুমারিতে দেশটিতে উগান্ডার অভিবাসী ছিল ৬৯৪ জন। কিন্তু ১০ বছর পর সেটি হয়ে গেছে দেড় লাখেরও বেশি। যার মধ্যে নারীদের সংখ্যাই বেশি। বর্তমানে উগান্ডা অভিবাসীর ১ লাখ ১০ হাজারেরও বেশি নারী এবং প্রায় ৪০ হাজার পুরুষ ভারতে বাস করছে।
প্রতিবেশী দেশ নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের মানুষের পর উগান্ডাবাসীরাই এখন সবচেয়ে বেশি ভারতে।
