মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে প্রায় ৪৪ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছিল। গতকাল শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে চরভদ্রাসন,সালথা ও আলফাডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ভিন্ন প্রক্রিয়ায় বাঁকা পথে যারা মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেয়েছিল তাদের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। দেশের উন্নয়নে বিএনপিকে অন্তরায় উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু দিয়ে কেউ চলাচল করতে পারবে না। আসলে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। তারা লুটপাটে বিশ্বাসী।’
মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবে। ভয়ভীতি উপেক্ষা করে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিন। মোজাম্মেল হক বলেন, আগামী বছর মুজিববর্ষ। সরকার মুজিববর্ষ পালন উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেবে। এজন্য ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যারা যুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের খাদ্য ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। তাদের তালিকা করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
