চ্যারিটেবল মামলায় খালেদার জামিন শুনানি হতে পারে মঙ্গলবার

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১২:৫৮ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামী মঙ্গলবার হতে পারে।

রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এফএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে জামিনের আবেদন উপস্থাপন করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালউদ্দিন বলেন, কার্যতালিকায় আসলে মঙ্গলবার জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ২৩ জুন একই বেঞ্চে খালেদা জিয়ার জামিনের আবেদন এবং বিচারিক আদালতের নথি উপস্থাপন করা হয়। তবে এখন পর্যন্ত আবেদনটি শুনানির কার্যতালিকায় আসেনি।

ওই দিন জামিনের আবেদন এবং বিচারিক আদালতের নথি উপস্থাপন শেষে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেছিলেন, “আমরা জামিনের বিষয়ে শুনানির জন্য তারিখ নির্ধারণের জন্য আবেদন করেছিলাম। আদালত বলেছে, আগামী সপ্তাহের মধ্যেই শুনানির দিন ধার্য করা হবে।”

গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের সাত বছর করে কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেয় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। পরে দণ্ড থেকে খালাস ও জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।

গত ৩০ এপ্রিল হাইকোর্ট খালেদার আপিল শুনানির জন্য গ্রহণ করে এ মামলার বিচারিক আদালতের নথি তলব করার পাশাপাশি নথি পাওয়া সাপেক্ষে আপিলের শুনানি হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীদের জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের পর তাকে রাখা হয় নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। এ মামলায় আপিল শুনানির পর গত বছরের ৩০ অক্টোবর তার সাজা বাড়িয়ে ১০ বছর  করে হাইকোর্ট।

ইতোমধ্যে এ মামলায় দণ্ড থেকে খালাস ও জামিন চেয়ে গত ১৪ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন খালেদা জিয়া।

তার আইনজীবীরা জানান, খালেদা জিয়ার নামে বিভিন্ন অভিযোগে অন্তত ৩৭টি মামলা রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পেলেই তিনি কারামুক্তি পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত