২৯ জুলাই প্রযোজক সমিতির দ্বিতীয় দফা নির্বাচন

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৮:৫৮ পিএম

দীর্ঘ ৭ বছর পর গত ২৭ জুলাই অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশ সমিতির নির্বাচন। এ দিন নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ হয়। কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২১ মেয়াদে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৪০ জন। ১৪০ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৩০ জন। এর  মধ্যে সহযোগী সদস্য হিসেবে ২৬ ভোট পেয়ে বিজয়ী হন আজিজ আহমেদ পাপ্পু এবং ১৮ ভোট পেয়ে বিজয়ী হন আসিকুর রহমান নাদিম। বিজয়ী ১৯জন নির্বাহী সদস্য হলেন খোরশেদ আলম খসরু,  সামসুল আলম, ইস্পাহানি আরিফ জাহান, কামাল মো. কিবরিয়া লিপু, মেহেদী সিদ্দিকী মনির, হিমেল, রশিদুল আমীন হলি, জাহিদ হোসেন, এ জে রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামীন হক ববি, কামাল হাসান, অপূর্ব রায়, নাদির খান, শহিদুল আলম সাচ্চু, ইলা জাহান নদী, ইকবাল, ড্যানি সিডাক, আলিমুল্লাহ খোকন।

এই ১৯ জনের মধ্যে ১০জনকে আবার ভোটের মাধ্যমে নির্বাচিত করে এবারের মূল কমিটি গঠন করা হবে। জানা যায় প্রযোজক পরিবেশক সমিতির দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ জুলাই। দ্বিতীয় দফা নির্বাচনে ৭টি পদ হলো— সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এর মধ্যে সহসভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন দুজন করে প্রার্থী। সোমবার দুপুর ১২টার দিকে ভোটগ্রহণ শুরু হবে।  দ্রুত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ করে ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকাই সিনেমার গুরুত্বপূর্ণ এই সংগঠনটি দীর্ঘ সাত বছর ধরে নানা জটিলতায় সময় কাটিয়েছে। ছিল না কোনো কার্যক্রম বা কমিটি। সিনেমা প্রযোজনা থেকেও দূরে রয়েছেন বেশির ভাগ প্রযোজক। এদিকে দীর্ঘ সাত বছর পর প্রযোজকদের এই নির্বাচনকে ঘিরে অনেকেই আশায় বুক বেঁধেছেন। স্থবিরতা কাটার সম্ভাবনাও দেখা যাচ্ছে।

গত ১৭ জুন থেকে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের কাজ শুরু হয়, শেষ হয় ২০ জুন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৭ জুন। এরপর ঘোষণা করা হয় প্রার্থীদের তালিকা। কোনো রকম প্যানেল ছাড়াই নির্বাচনে অংশ  নেন প্রার্থীরা।

এর আগে ২০১৬ সালে প্রযোজক সমিতির নির্বাচনের উদ্যোগ  নেওয়া হলেও প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। সে সময় পরপর তিনবার কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন না- এফবিসিসিআইর অধীন সংগঠনের এমন নির্বাচনী রীতির খেলাপ করা হয়েছে মর্মে নাসির হোসেন বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিল। কিন্তু তারপরও নানা ঝামেলায় নির্বাচনী প্রক্রিয়া এগোয়নি। অবশেষে সকল জটিলতা কাটিয়ে আজ (২৭ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত