জেলা বিএনপিতে কোন্দল, পাল্টাপাল্টি সভা-সমাবেশ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হতাশা দেখা দিয়েছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। প্রায় চার মাস হয়ে গেল জেলা বিএনপির কমিটি নেই। ফলে দলীয় কোনো কর্মকা- এখানে নেই বললেই চলে। দলের সিনিয়র নেতাদের কোনো কর্মসূচি না থাকায় হতাশ হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
জানা যায়, গত ৯ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞপ্তি দিয়ে জেলা কমিটি বাতিল করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা কমিটি বিলুপ্তি ঘোষণা ও বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে আহ্বায়ক কমিটি করার কথা থাকলেও গত চার মাসেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবুল খায়ের ভূঁইয়াকে সভাপতি ও সাহাবুদ্দীন সাবুকে সাধারণ সম্পাদক করা হয়। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর সম্মেলন করার কথা থাকলেও তা হয়নি। দলের যুগ্ম মহাসচিব ২০১৫ সালের ৯ আগস্ট চিঠির মাধ্যমে ওই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের নির্দেশ দিলেও তা না হওয়ায় কেন্দ্রীয় বিএনপি লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে।
বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, লক্ষ্মীপুর জেলা বিএনপির বিরোধ ও গ্রুপিং চলছে কমিটি গঠনের শুরু থেকে। দীর্ঘদিন থেকে জেলা বিএনপির সদ্য বিলুপ্ত সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী রয়েছেন একদিকে। অন্যদিকে আছেন কেন্দ্রীয় বিএনপির সহসমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব। উভয় গ্রুপ নিজেদের আধিপত্য ও শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছে। আবুল খায়ের ভূঁইয়া ও এ্যানী চৌধুরী গ্রুপ শহরের বড় পোলের দক্ষিণ পাড়ে জেলা বিএনপির অফিসে ও এ্যানীর বাড়িতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সভা-সমাবেশ করে আসছে। একই সময় অপর গ্রুপ সাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে নিজ বাড়ি উত্তর তেমুহনী ও জেলা প্রেস ক্লাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে আসছে।
কমিটির বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ বলেন, মাঠপর্যায়ের নেতাকর্মীরা হতাশ। আমরা এই অবস্থার অবসান চাই। আবুল খায়ের ভূঁইয়া বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব বিভাগীয় কর্মকা- ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনে ব্যস্ত। আশা করি খুব তাড়াতাড়ি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান জেলা কমিটির ঘোষণা দেবেন।’’’’
