জাবি চিকিৎসাকেন্দ্র

ডেঙ্গু শনাক্তের মেশিন না থাকায় হতাশ শিক্ষার্থীরা

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০২:৫৬ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ছাত্রীর মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মধ্যে। গতকাল রবিবার ১০২ জন জ্বরাক্রান্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে আসেন। সেখানে ডেঙ্গু শনাক্তকরণের মেশিন না থাকায় পরীক্ষা না করিয়ে ফিরে যেতে হয় তাদের। চিকিৎসাকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই সপ্তাহে ২০ জনের অধিক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদিকে জাবি ছাত্রী উখিংনু রাখাইনের (১৯) মৃত্যুর জন্য প্রশাসনকে দায়ী করে কয়েক শ শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং মশা দমন ও ডেঙ্গুর চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দুদিনের মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের হুমকি দেন তারা। পরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা।

গতকাল থেকে আবাসিক হলগুলোতে মশার ওষুধ ছিটানো শুরু হয়েছে বলে জানিয়েছেন স্টেট কর্মকর্তা নুরুল আমিন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম দেশ রূপান্তরকে জানান, মশা নিধনের জন্য স্টেট অফিসকে দেড় লাখ এবং ডেঙ্গু শনাক্তকরণের মেশিন ও রিএজেন্ট কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা চিকিৎসাকেন্দ্রকে দেওয়া হয়েছে। প্রধান মেডিকেল অফিসার ডা. মো. শামছুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে ডেঙ্গু শনাক্ত করার মেশিন কিনতে দিয়েছি। তখন আমরা নিজেরাই বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর পরীক্ষা করতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত