গ্রিনলাইন থেকে ৫ লাখ টাকার চেক পেলেন রাসেল

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০২:১১ এএম

গ্রিনলাইনের বাসচাপায় পা হারানো প্রাইভেট কারের চালক রাসেলকে ক্ষতিপূরণের কিস্তির ৫ লাখ টাকার চেক দিয়েছে গ্রিনলাইন পরিবহন

কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রাসেলের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

গত ৩১ মার্চ এক আদেশে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর ১০ এপ্রিল আদালতে রাসেলের হাতে পাঁচ লাখ টাকার চেক দেয় গ্রিনলাইন। গত ২৫

জুন আদেশে রাসেলকে প্রতি মাসে ৫ লাখ টাকা করে ৯ মাসে অবশিষ্ট ৪৫ লাখ টাকা পরিশোধে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। প্রতি মাসের ৭ তারিখে টাকা দিয়ে ১৫ তারিখে এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশনা ছিল আদেশে।

১৬ জুলাই টাকা না দেওয়ায় এক সপ্তাহ সময় পায় ওই পরিবহন কর্তৃপক্ষ। এরপর ২১ জুলাই টাকা না দেওয়ায় ফের এক সপ্তাহ সময় দেওয়া হয়। গতকাল গ্রিনলাইনের পক্ষে ছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। আদালত পরবর্তী শুনানি ও আদেশের জন্য ১৭ অক্টোবর দিন ধার্য রাখে।

গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দোলাইরপাড় এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চালকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেট কারের চালক রাসেল সরকারের (২৩) পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেন চালক কবির মিয়া। হাসপাতালে নেওয়ার পর রাসেলের বাঁ পা কেটে ফেলতে হয়। ওই দিনই চালক কবিরকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। গত ১৪ জানুয়ারি নিম্ন আদালত থেকে জামিন পান চালক কবির।  

এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত