পুরস্কার পাওয়াটা ক্রিশ্চিয়ানো রোনালদোর অভ্যাসের ব্যাপার। ক্যারিয়ারে অনেক পুরস্কারের সঙ্গে গতকাল মঙ্গলবার নতুন যোগ হলো আরেকটি। শীর্ষস্থানীয় স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র ‘মার্কা লিজেন্ড’ স্বীকৃতি পেয়েছেন রোনালদো। প্রফেশনাল ফুটবলার হিসেবে সাফল্যময় ক্যারিয়ারের জন্যই এ পুরস্কার পাওয়া।
পুরস্কার নিতে আবার মাদ্রিদে আসতে হয়েছে রোনালদোকে। সেখানে মার্কার পরিচালক হুয়ান ইগনাসিও গ্যালার্দো রোনালদোর হাতে সম্মাননা তুলে দেন। নিজের বক্তব্যে পর্তুগিজ তারকা জানান, ‘এই ট্রফিটা আমার মাদেইরার জাদুঘরে খুব সুন্দর একটি জায়গায় স্থান পেতে যাচ্ছে। মাদ্রিদ আমার জন্য স্পেশাল। আমি অনেক জায়গায় ঘুরি কিন্তু মাদ্রিদ আমাকে অন্যরকমভাবে টানে। হয়তো রিয়াল মাদ্রিদের জন্য। এটি স্প্যানিশ ট্রফি। অবশ্যই এই ট্রফির জন্য আমি গর্বিত।’ পৃথিবীজুড়ে বিভিন্ন ক্রীড়ার সেরা ব্যক্তিত্বদের এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার পাওয়া জনপ্রিয় তারকাদের মধ্যে আছেন ডিয়েগো ম্যারাডোনা, পেলে, উসাইন বোল্ট, মাইকেল জর্ডান, লিওনেল মেসি, রজার ফেদেরার, রাফায়েল নাদাল, মাইকেল ফেলপসরা। পর্তুগাল (৮৮), চ্যাম্পিয়ন্স লিগ (১২৭) ও রিয়াল মাদ্রিদের (৪৫১) হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড থাকায় পাঁচবারের বর্ষসেরা তারকার পুরস্কারটি পাওয়া সহজই ছিল।
এদিকে রোনালদোকে ঘিরে দক্ষিণ কোরিয়ায় ঘটেছে বিপত্তি। প্রাক মৌসুম প্রস্তুতিতে জুভেন্তাসের সফর ছিল এশিয়ায়। গত সপ্তাহে সিউলে কে-লিগ অলস্টারদের বিপক্ষে একটি ম্যাচ খেলে ইতালি জায়ান্টরা। ওই ম্যাচে রোনালদোকে দেখার আশায় ভরে উঠেছিল ৬৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম। কিন্তু পুরো ম্যাচে মাঠেই নামেননি তিনি। এতে ক্ষুব্ধ সমর্থকরা পর্তুগিজ তারকাকে তাতাতে মেসির নামে রব তোলে। তবুও লাভ হয়নি। শেষ পর্যন্ত দুই হাজারের মতো সমর্থক আয়োজক স্পোর্টস এজেন্সির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে।
