ডোপিংয়ের দায়ে উদীয়মান ক্রিকেটার পৃথ্বী শ’কে আট মাসের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই ওপেনিং ব্যাটসম্যান অবশ্য জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে যে নিষিদ্ধ বস্তু সেবন করেছিলেন, তা ছিল একটি কাশির সিরাপের মধ্যে। সেই সঙ্গে বোর্ডের সিদ্ধান্ত ভাগ্য বলে মেনে নিচ্ছেন পৃথ্বী।
এ ব্যাপারে দুটি টেস্ট ম্যাচ খেলা পৃথ্বী টুইটারে লিখেছেন-“আমি আন্তরিকতার সঙ্গে আমার ভাগ্যকে মেনে নিচ্ছি।” সাসপেন্ড হওয়ার খবরে তিনি জানান, তার নিষেধাজ্ঞার ব্যাপারটি অন্য অ্যাথলেটদের ওষুধ কেনার সময় আরও সচেতন করবে।
বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পৃথ্বীর আট মাসের নিষেধাজ্ঞা এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। ১৬ মার্চ থেকে শুরু হয়ে সেটি কার্যকর থাকবে ১৫ নভেম্বর পর্যন্ত।
বিসিসিআই এর আগে বিবৃতিতে জানিয়েছিল, বিসিসিআইয়ের অ্যান্টি-ডোপিং টেস্টিং প্রোগ্রাম অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচের জন্য পৃথ্বী শ একটি মূত্রের নমুনা জমা দিয়েছিলেন ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি ইন্দোরে। পরে তার নমুনায় টার্বুটালাইন পাওয়া গিয়েছে। টার্বুটালাইন একটি এমন বস্তু যা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি কর্তৃক নিষিদ্ধ।
এরপর গত ১৬ জুলাই পৃথ্বী শকে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত করে বিসিসিআইয়ের অ্যান্টি-ডোপিং রুল ভায়োলেশন কমিশন। এর ২.১ ধারা অনুযায়ী এবং বিচার না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে সাসপেন্ড করা হয়। পৃথ্বী শ এই অভিযোগে সাড়া দিয়ে জানান এটা অনিচ্ছাকৃত। সর্দির জন্য কাশির সিরাপ খেয়েই এটা হয়েছে।
