ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় প্রতিনিধি দলের সাথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, প্রথমবারের মতো তিনি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। জাতির পিতার মাজারে আসতে ও শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন বলে জানান।
পরে স্থানীয় সার্কিট হাউজে প্রতিনিধি দলটি গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বৃহস্পতিবার রাত তারা গোপালগঞ্জ সার্কিট হাউজে কাটাবেন এবং আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টায় মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গীর্জা পরিদর্শন করবেন।
