রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’। মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের জীবনী নিয়ে কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ থেকে এ নাটকটি মঞ্চে এনেছে বটতলা। উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা ও সৌম্য সরকার এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
রবীন্দ্র প্রয়াণবার্ষিকীর আয়োজন : রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আয়োজন করেছে ‘সমুখে শান্তি পারাবার’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠান। শুক্র ও শনিবার সন্ধ্যা ৬টার রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি হবে। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।
পুতুলটিকে দেখে রেখো নাটকের উদ্বোধনী মঞ্চায়ন : জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা ৭টায় মেঠোপথ থিয়েটারের ‘পুতুলটিকে দেখে রেখো’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। আনিসুর রহমানের লেখা নাটকটির নির্দেশনা দেবেন এবং একক অভিনয় করবেন শামীমা আক্তার মুক্তা।
পরীক্ষণ থিয়েটার হলে ‘একা এক নারী’ : নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাট্যচক্র মঞ্চস্থ করবে নাটক ‘একা এক নারী’। এতে একক অভিনয় করবেন তনিমা হামিদ। দারিও ফো এবং ফ্রাংক রামে রচিত ‘এ ওয়েমেন অ্যালোন’ থেকে অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সালাম। নাটকটি নির্দেশনা দিয়েছেন দেবপ্রসাদ দেবনাথ।
নাট্যশালার মূল হলে : নাট্যশালার মূল মিলনায়তনে থিয়েটার আরামবাগ মঞ্চস্থ করবে নাটক ‘দ্রৌপদী পরম্পরা’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত।
মহিলা সমিতি মঞ্চে ‘ঠিকানা’ : মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে শুক্রবার সন্ধ্যা ৭টায় লোক নাট্যদল (বনানী) মঞ্চস্থ করবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ঠিকানা’। উৎপল দত্ত রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী।
আলোকচিত্র প্রদর্শনী : শোকের মাস আগস্টে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে মাসব্যাপী বঙ্গবন্ধুবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী। চিত্রশালার গ্যালারি ৬-এ যুবলীগের আয়োজনে এবং গ্যালারি ৫-এ ‘আর্কাইভ ৭১’র আয়োজনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকছে। শুক্রবার বেলা ৩ থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। এ ছাড়া লালমাটিয়ার শিল্পাঙ্গনে আগামী ৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে খুরশিদ আলম সেলিমের ‘স্পিড অব কালার’ শীর্ষক চিত্র প্রদর্শনী। বনানীর ঢাকা গ্যালারিতে চলছে ‘প্রলোগ ১’ শীর্ষক ২৬ জন চিত্রশিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী। ৯ আগস্ট পর্যন্ত বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
